
ঢাকা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্গো শাখায় আগুন লাগে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একযোগে কাজ করছেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।