
ঢাকা, মঙ্গলবার:
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি সমমনা রাজনৈতিক দলের যুগপৎ সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার কিছু পরে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এতে জামায়াতের আমির শফিকুর রহমানসহ আট-দলীয় জোটের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এর আগে সকাল ১১টা থেকেই পল্টন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় সমাবেশ হওয়ায় পল্টন ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
এই আটটি রাজনৈতিক দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনডিপি)।
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, “সংস্কার দাবি ও সুষ্ঠু নির্বাচনী কাঠামো নিয়ে আজকের সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জোরালো বার্তা পাঠানো হবে।”